বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) এম এ লতিফ খান বার্ধক্যজনিত কারণে বুধবার রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শোকবার্তায় বিএনপি চেয়ারম্যান বলেন, ‘লেফটেন্যান্ট কর্নেল (অব.) এম এ লতিফ খান একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের নীতি, আদর্শ ও বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শন এবং দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি তার ছিল অবিচল আস্থা। পেশাগত জীবনে তিনি একজন সৎ ও নিষ্ঠাবান মানুষ হিসেবে সকলের নিকট সম্মানিত ছিলেন। তার মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত হয়েছি। ’
তারেক রহমান শোকবার্তায় লেফটেন্যান্ট কর্নেল (অব.) এম এ লতিফ খানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।