মিনেসোটায় অভিবাসন কর্মকর্তাদের অভিযানে আটক হওয়া পাঁচ বছর বয়সী শিশু লিয়াম কোনেহো রামোস এবং তার বাবা অ্যাড্রিয়ান কোনেহো আরিয়াসকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন একজন ফেডারেল বিচারক।

শনিবার প্রকাশিত এক রায়ে আদালত এই আটক প্রক্রিয়াকে ‘অমানবিক ও ত্রুটিপূর্ণ’ বলে অভিহিত করেছেন।

সম্প্রতি মিনেসোটার একটি শহরতলিতে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কর্মকর্তাদের অভিযানের সময় লিয়ামকে আটক করা হয়। মাথায় নীল রঙের খরগোশ টুপি পরা লিয়ামের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে।

মার্কিন ডিস্ট্রিক্ট জজ ফ্রেড বিয়ারি তার রায়ে সরকারি এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে লিখেছেন, প্রতিদিনের নির্দিষ্টসংখ্যক মানুষকে বিতাড়িত করার (কোটা পূরণ) অদূরদর্শী এবং অদক্ষ সরকারি জেদ থেকেই এই মামলার সূত্রপাত। এমনকি একটি শিশুকে মানসিকভাবে বিপর্যস্ত করার বিনিময়েও তারা এটি করতে দ্বিধাবোধ করেনি।

বিচারক আরও বলেন, যুক্তরাষ্ট্রের জটিল অভিবাসন আইনের কারণে আবেদনকারীদের হয়তো শেষ পর্যন্ত নিজেদের দেশে ফিরে যেতে হতে পারে, তবে সেই প্রক্রিয়াটি বর্তমানে চালু থাকা ব্যবস্থার চেয়ে অনেক বেশি সুশৃঙ্খল এবং মানবিক হওয়া উচিত।

কলম্বিয়া হাইটস পাবলিক স্কুল ডিস্ট্রিক্টের তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরুতে মিনিয়াপোলিস শহরতলিতে এই অভিযান চালানো হয়।

লিয়ামসহ মোট চারজন শিক্ষার্থীকে সেদিন আটক করেছিলেন অভিবাসন কর্মকর্তারা। অন্য আটককৃতদের মধ্যে ১৭ বছর বয়সী দুই কিশোর এবং ১০ বছর বয়সী এক শিশুও ছিল।

লিয়াম এবং তার বাবা ইকুয়েডরের নাগরিক। তাদের আইনজীবী মার্ক প্রোকোশ জানান, তারা বৈধভাবে অ্যাসাইলাম (আশ্রয়) প্রার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন।

আটকের পর তাদের টেক্সাসের ডিলি এলাকার একটি ফ্যামিলি ডিটেনশন সেন্টারে রাখা হয়েছিল।

স্কুল ডিস্ট্রিক্টের সুপারিনটেনডেন্ট জেনা স্টেনভিক গত সপ্তাহে অভিযানের সময় অস্ত্রধারী ও মাস্ক পরা কর্মকর্তাদের আচরণের সমালোচনা করেছিলেন। বিচারকের এই আদেশের পর লিয়াম ও তার বাবার মুক্তি এখন সময়ের ব্যাপার মাত্র। তবে এ বিষয়ে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: রয়টার্স