সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং বাংলাদেশের সাবেক মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এম হাফিজ উদ্দিন খান আর নেই।
বুধবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রী ও কানাডা প্রবাসী দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সংবাদমাধ্যমকে এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন এম হাফিজ উদ্দিন খানের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা শহীদুল হাসান। তিনি জানান, বৃহস্পতিবার বাদ আসর এজি অফিসে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং বৃহস্পতিবার তার দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে।
তবে তাকে গ্রামের বাড়ি সিরাজগঞ্জের রহমতগঞ্জ কবরস্থানে তাকে দাফন করা হবে এটা নিশ্চিত। ’
এম হাফিজ উদ্দিন খান তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছাড়াও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারম্যান ছিলেন। ১৯৯৬ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত তিনি বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে অর্থ, পরিকল্পনা এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
এ ছাড়া তিনি বেসিক ব্যাংক লিমিটেড ও রূপালী ব্যাংকের পরিচালক এবং অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এম হাফিজ উদ্দিন খানের জন্ম ১৯৩৯ সালে সিরাজগঞ্জে। সিরাজগঞ্জ শহরের সমাজকল্যাণ মোড় এলাকার প্রয়াত শিক্ষক কোব্বাদ আলী খানের ছেলে হাফিজ খান সৎ ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।