বলিউডের জনপ্রিয় গায়ক আরমান মালিক হাসপাতালে ভর্তি হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই তার শারীরিক অসুস্থতার কথা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভক্তরা।

রোববার (১৮ জানুয়ারি) আরমান মালিক তার এক্স হ্যান্ডেলে হাসপাতালের বেডে বসে থাকা একটি ছবি শেয়ার করেন, যেখানে তিনি রোগীর পোশাক পরিহিত এবং বাঁ হাতে ক্যানোলা লাগানো দেখা যায়।

ক্যাপশনে তিনি লিখেছেন, গত কয়েক দিন মোটেও ভালো কাটেনি। তবে এখন আমি কিছুটা সুস্থ বোধ করছি। এবার একটু বিশ্রাম নেওয়ার এবং নিজেকে পুনরায় গুছিয়ে নেওয়ার সময়।

ইনস্টাগ্রামের স্টোরিতে আরমান আরও জানিয়েছেন, এ বছর যাদের যত্ন নেয়া প্রয়োজন, সেই তালিকায় নিজের নামটিও রাখতে ভুলবেন না। গায়কের এই পোস্টের পর নেটিজেনদের ধারণা, অতিরিক্ত কাজের চাপ বা অবহেলার কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তিনি। চিকিৎসকের পরামর্শে বর্তমানে পূর্ণ বিশ্রামে রয়েছেন ভারতীয় এই গায়ক।

প্রসঙ্গত, আরমান মালিক হিন্দি গানের পাশাপাশি বাংলা গানেও কণ্ঠ দিয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘ধিতাং ধিতা’, ‘আমি যে কে তোমার’, ‘যব তক’, ‘বোল দো না জারা’, ‘সব তেরা’ ইত্যাদি।

আরমান মালিকের দ্রুত আরোগ্য কামনা করছেন তার ভক্ত এবং অনুরাগীরা।