ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। বিক্ষোভের একাদশ দিনে দেশটির ফার্স প্রদেশে বিপ্লবী গার্ডের কুদস ফোর্সের সাবেক প্রধান কাসেম সোলাইমানির ভাস্কর্য ভেঙে ফেলেছে বিক্ষোভকারীরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়, ফার্স প্রদেশে বুধবার (৭ জানুয়ারি) এই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিক্ষোভকারীদের সোলাইমানির ভাস্কর্য ভাঙতে দেখা যায়।
২০২০ সালে ইরাকে সোলাইমানিকে অতর্কিত হামলা চালিয়ে হত্যা করে যুক্তরাষ্ট্র। তার হত্যাকাণ্ডের পর ইরান মধ্যপ্রাচ্যজুড়ে বেশ কয়েকটি মার্কিন ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছিল। ওই সময় ভুলবশত বিপ্লবী গার্ডের সেনারা একটি যাত্রীবাহী বিমানও ভূপাতিত করেছিল। এতে বিমানে থাকা সব যাত্রী নিহত হয়েছিলেন।
গতকাল বৃহস্পতিবার রাতে বিক্ষোভ আরও তীব্র হয়। এর জেরে ইরানে ইন্টারনেট ও মোবাইল ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তা সত্ত্বেও রাজধানী তেহরানে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন। এছাড়া দেশটির অন্যান্য জায়গাতেও হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছেন। এরমধ্যে ইস্ফাহানে সরকারি টিভি সংশ্লিষ্ট একটি ভবনে আগুন দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানিয়েছে, ইরানের সব ৩১টি প্রদেশের ১১১টি শহর ও জনপদে এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সংস্থাটির তথ্যমতে, এ পর্যন্ত অন্তত ৩৪ জন বিক্ষোভকারী এবং চারজন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। পাশাপাশি প্রায় ২ হাজার ২০০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।