সরকারের উচ্চপর্যায়ে রদবদলের অংশ হিসেবে জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হককে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে সরকার।
বুধবার (৭ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ জানানো হয়। একই সঙ্গে তার চাকরি বর্তমানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে ন্যস্ত করা হয়েছে।
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মিজানুর রহমানকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলাদা একটি প্রজ্ঞাপনে জানানো হয়, এই নিয়োগের স্বার্থে তার চাকরি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এই আদেশগুলো অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।