সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদ্বোধন হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। টুর্নামেন্টের প্রথম ম্যাচে সিলেট টাইটান্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (২৬ ডিসেম্বর) ম্যাচ শুরু হবে দুপুর ৩টায়।

ছোট পরিসরে আনুষ্ঠানিকতার মাধ্যমে পর্দা উঠলো বিপিএলের। সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, কোরআন তিলাওয়াতের পর এক মিনিট নীরবতা পালন করা হয় সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে। এরপর বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

তার কিছুক্ষণ পর শুরু হয় টস এর আনুষ্ঠানিকতা। যেখানে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অভিজ্ঞ মুশফিকুর রহিমসহ জাতীয় দলের একঝাঁক তারকা নিয়ে মাঠে নামছে রাজশাহী। তাদের একাদশে রয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপালের চার বিদেশি তারকা।

অন্যদিকে শক্তিশালী একাদশ নিয়ে ব্যাটিংয়ে নামছে সিলেটও। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে একাদশে রয়েছেন ইংলিশ অলরাউন্ডার ইথান ব্রুকস, আফগান হার্ডহিটার হযরতউল্লাহ জাজাই, পাকিস্তানের ওপেনার সাইম আইয়ুব ও পেসার মোহাম্মদ আমির।

সিলেট টাইটান্স একাদশ: সাইম আইয়ুব, রনি তালুকদার, হযরতউল্লাহ জাজাই, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), ইথান ব্রুকস, নাসুম আহমেদ, মোহাম্মদ আমির, খালেদ আহমেদ ও রুয়েল মিয়া।

রাজশাহী ওয়ারিয়র্স একাদশ: তানজিদ হাসান তামিম, শাহিবজাদা ফারহান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), ইয়াসির আলী, মুশফিকুর রহিম, মোহাম্মদ নাওয়াজ, তানজিম হাসান সাকিব, এসএম মেহেরব, আব্দুল গাফফার সাকলাইন, বিনুরা ফার্নান্দো ও সন্দ্বীপ লামিচানে।