দেশে ফিরতে যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার বাংলাদেশ সময় রাত সোয়া ১০টায় তিনি বিমানবন্দরে পৌঁছান। পরে ‘চেক-ইন’ করে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেন তিনি। তার সঙ্গে স্ত্রী জুবাইদা ডা. রহমান ও মেয়ে জাইমা রহমান রয়েছেন।
এর আগে রাত ৮টার দিকে লন্ডনের বাসা থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তারেক রহমান।
আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে জানা গেছে। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।
তারেক রহমানের দেশে ফেরা ঘিরে দলের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক আবেগ-উচ্ছ্বাস ও উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রবাসে দীর্ঘ সময় কাটানোর পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে বিএনপির রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখছেন দলটির নেতারা।