চট্টগ্রামে নিয়মিত অভিযান পরিচালনার সময় ট্রাফিক পুলিশের ওপর হামলা চালিয়েছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। এ ঘটনায় দুই ট্রাফিক পুলিশ সদস্য আহত হয়েছেন।
রোববার (২১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার মইজ্জারটেক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ১০ জনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মইজ্জারটেকসংলগ্ন এলাকায় অভিযান শুরু করেন ট্রাফিক পুলিশের দুই সার্জেন্ট ও পাঁচজন কনস্টেবল। এ সময় তারা একটি নম্বরহীন সিএনজিচালিত অটোরিকশাকে সংকেত দেন। ওই অটোরিকশাকে মামলা দেওয়ার সময় ১০ থেকে ১৫ জন চালক এসে তাদের ওপর হামলা করেন। এ সময় ট্রাফিক পুলিশের সঙ্গে চালকদের হাতাহাতি হয়।
এতে সার্জেন্ট ইমতিয়াজ শাহরিয়ার ও কনস্টেবল সালাউদ্দিন আহত হন।
ট্রাফিক পুলিশের সার্জেন্ট ইমতিয়াজ শাহরিয়ার বলেন, নিয়মিত অভিযানের সময় উল্টো পথে আসা একটি নম্বরহীন সিএনজিচালিত অটোরিকশা আটক করি। সঙ্গে সঙ্গে আশপাশে থাকা অটোরিকশার চালকেরা আমাদের ওপর হামলা করেন। এ ঘটনায় মামলা করা হবে।
কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) আকাশ মাহমুদ বলেন, এ ঘটনায় পুলিশি অভিযান অব্যাহত আছে এবং মামলা প্রক্রিয়াধীন।