‘মিস ইন্ডিয়ার’ মুকুটজয়ী প্রথম নারী এবং ভারতের ফ্যাশন সাংবাদিকতার অগ্রদূত মেহের ক্যাস্তেলিনো আর নেই।
স্থানীয় সময় বুধবার (১৭ ডিসেম্বর) মৃত্যু হয়েছে। মৃত্যুকালে ৮১ বছর বয়স হয়েছিল তার। মৃত্যুর সময় ছেলে কার্ল, পুত্রবধূ নিশা এবং মেয়ে ক্রিস্টিনাসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন এ তারকা।
সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজের এর প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মেহের ক্যাস্তেলিনোর জন্ম ভারতের মুম্বাইয়ে। ১৯৬৪ সালে ফেমিনা মিস ইন্ডিয়া খেতাব জিতে জাতীয় পর্যায়ে তারকা খ্যাতি লাভ করেন মেহের ক্যাস্তেলিনো। তিনি যিনি মিস ইউনিভার্স ও মিস ইউনাইটেড নেশনসের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করা প্রথম নারী।
পরবর্তী ভারতীয় সৌন্দর্য প্রতিযোগীদের জন্য নতুন পথ উন্মোচন করেছিলেন তিনি। যখন দেশে সৌন্দর্য প্রতিযোগিতা নতুন ছিল, তখন তার জয় একটি সাংস্কৃতিক মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছিল।
ক্যাস্টেলিনো ১৯৭৩ সালে ইভস উইকলি-তে প্রকাশিত তার প্রথম প্রবন্ধের মাধ্যমে সাংবাদিকতা যাত্রা শুরু করেন। এরপর ধীরেন ধীরে তিনি একজন পূর্ণকালীন ফ্যাশন সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
বছরের পর বছর ধরে, তার লেখা প্রায় ১৬০টি জাতীয় ও আন্তর্জাতিক সংবাদপত্র এবং ম্যাগাজিনে প্রকাশিত হয়, যা তাকে ফ্যাশন এবং লাইফস্টাইল সাংবাদিকতায় একটি বিরল এবং সুদূরপ্রসারী কণ্ঠস্বর প্রদান করে।
এদিকে তার মৃত্যুতে ফেমিনা মিস ইন্ডিয়া তাদের অফিশিয়াল ইনস্টাগ্রোমে লিখেছে, অত্যন্ত দুঃখের সঙ্গে মেহের ক্যাস্তেলিনোর মৃত্যুর খবর জানাচ্ছি। ফেমিনা মিস ইন্ডিয়া ১৯৬৪ এবং আমাদের প্রথম মিস ইন্ডিয়া ছিলেন। তিনি পথিকৃৎ ছিলেন। আগামী দিনের জন্য মানদণ্ড স্থাপনও করেছিলেন।
তার উত্তরাধিকার চিরদিন উজ্জ্বল হয়ে থাকবে।