যুব এশিয়া কাপে আফগানিস্তানের পর আজ সোমবার (১৫ ডিসেম্বর) নেপালকেও হারাল বাংলাদেশ। দুবাইর দ্য সেভেন স্টেডিয়ামে পাওয়া ৭ উইকেটের জয়ে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে জুনিয়র টাইগাররা। আর এই জয়ে সেমিফাইনালেও এক পা দিয়ে রাখল আজিজুল-আবরাররা।

নেপাল টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে ৩১.১ ওভারে মাত্র ১৩০ রানে অলআউট হয়। জবাবে জাওয়াদ আবরারের অপরাজিত ৭০ রানের ইনিংসে ভর করে ১৫১ বল ও ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

রান তাড়া করতে নেমে ২৮ ও ২৯ রানের মাথায় দুটি উইকেট হারায় বাংলাদেশ। ২৮ রানের মাথায় রিফাত বেগ আউট হন ৫ রান করে। এরপর নতুন ব্যাটসম্যান আজিজুল হাকিম ১ রান করেই রান আউটে কাটা পড়েন।

সেখান থেকে আবরার ও কালাম সিদ্দিকী তৃতীয় উইকেটে ৯২ রানের জুটি গড়ে দলের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন। ১২১ রানের মাথায় সিদ্দিকী ৪টি চারে ৩৪ রান করে আউট হন। কিন্তু আবরার ৭টি চার ও ৩ ছক্কায় ৭০ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ম্যাচসেরাও হন তিনি। তার সঙ্গে ১২ রানে অপরাজিত থাকেন রিজান হোসেন।