বিএনপি মনোনীত ঢাকা-৬ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ‘এ মাসেই আমাদের নেতা তারেক রহমানের বাংলাদেশের বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তন ঘটবে।
দীর্ঘদিন ধরে যিনি সুদূর লন্ডনে বসে আমাদের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে চলেছেন, তিনি দেশে ফিরে এসে বাংলাদেশকে আবার একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবেন।’
বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর ওয়ারীর ৪১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, গোপীবাগেই তার জন্ম ও বেড়ে ওঠা, ফলে এলাকার প্রতিটি সমস্যাকে তিনি নিজের সমস্যা মনে করেন। তিনি এই এলাকার সন্তান হিসেবে দীর্ঘদিনের নাগরিক সংকট সমাধানে অঙ্গীকার করেন।
তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে জনগণ সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবং বিচারব্যবস্থাসহ রাষ্ট্রযন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
উঠান বৈঠকে ওয়ারী থানা বিএনপির সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী, হাজী বাহাউদ্দিন দক্ষিণ মহসিন্দি পঞ্চায়েত কমিটির সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, ওয়ারি থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহসিন, ওয়ারি থানা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন হাজির উপস্থিত ছিলেন।