বগুড়া জেলা অ্যাডভোকেটস্ বার সমিতির নির্বাচনে ১৩টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১০টি পদে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। অন্য তিনটি পদে বিজয়ী হয়েছে জামায়াত সমর্থিত বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত প্রার্থীরা।

শুক্রবার (২৮ নভেম্বর) রাতে নির্বাচনের রিটার্নিং অফিসার আতাউর রহমান খান (মুক্তা) বিষয়টি নিশ্চিত করে বলেন, সভাপতি পদে রেজাউর রহমান (প্রাপ্ত ভোট ৪৫১) ও সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম (১) (প্রাপ্ত ভোট ৪৫৫) নির্বাচিত হয়েছেন।

অন্যান্য পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচিতরা হলেন- সহসভাপতি পদে সাফি আহমেদ (মিঠু) ও আতিকুল মাহবুব (সালাম), যুগ্ম সম্পাদক পদে এনামুল হক (পান্না), লাইব্রেরি ও সমাজ কল্যাণ সম্পাদক পদে মৌসুমী আকতার নির্বাচিত হয়েছেন।

এ ছাড়াও কার্যকরী সদস্যের পাঁচটি পদের মধ্যে ৪টি পদে নির্বাচিত হয়েছেন ছালমা খাতুন, জেসমিন আকতার (শিখা), আব্দুল্লাহেল কাফী (২) ও আল আমিন (রাসেল)।

অপরদিকে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত রিয়াজ-সিরাজুল প্যানেল হতে যুগ্ম সম্পাদক পদে আবু বকর ছিদ্দিক (৩) ও ম্যাগাজিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শাফিকুর রহমান (শাফি) এবং কার্যকরি সদস্য একটি পদে বাবুল রহমান নির্বাচিত হয়েছেন।

এর আগে, সকাল ৭টা হতে দুপুর ১টা পর্যন্ত সমিতির গওহর আলী ভবনে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৮৬৯ ভোটারের মধ্যে ৭৮৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

প্রসঙ্গত, সাধারণ সম্পাদক পদে চতুর্থবারের মত পুনঃনির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম (১)।