বাংলাদেশ রেলওয়ে একদিনের অভিযানে ১৪৬টি ট্রেনে টিকিটবিহীন ৪ হাজার ৭৩৩ জন যাত্রীকে শনাক্ত করে তাদের কাছ থেকে জরিমানাসহ মোট ৮ লাখ ৭৭ হাজার ১৭৫ টাকা আদায় করেছে।
বাংলাদেশ রেলওয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়, বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ৯৮ জন টিটিই কাজ করেছেন। তারা ৬৯টি ট্রেনে টিকিট পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ২ হাজার ৩৪ জন যাত্রী শনাক্ত করা হয়। অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ২ লাখ ৯৩ হাজার ৮৭৫ টাকা এবং জরিমানা আদায় হয়েছে এক লাখ ৩০ হাজার ৮৭৫ টাকা। সব মিলিয়ে রেলওয়ের পেয়েছে ৪ লাখ ২৪ হাজার ৭৫০ টাকা। এ ছাড়া এদিন মোট ২ হাজার ৫২১ টি টিকিট যাচাই করা হয়।
এদিকে, পশ্চিমাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ৮৮ জন টিটিই কাজ করেছেন। তারা ৭৭টি ট্রেনে টিকিট পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ২ হাজার ৬৯৯ জন যাত্রী শনাক্ত করা হয়। অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ৩ লাখ ২১ হাজার ৮১০ টাকা এবং জরিমানা আদায় হয়েছে এক লাখ ৩০ হাজার ৬১৫ টাকা। সব মিলিয়ে রেলওয়ে পেয়েছে ৪ লাখ ৫২ হাজার ৪২৫ টাকা। এসময় মোট ১ হাজার ৭৯১টি টিকিট যাচাই করা হয়।
একদিনের এই অভিযানে মোট ১৪৬টি ট্রেনে টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে সাড়ে ৮ লাখ টাকারও বেশি রাজস্ব আদায় করা সম্ভব হয়েছে।