গতকাল সংবাদ সম্মেলনে বিপিএলের শুরু তারিখ জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও তারিখ পরিবর্তন করেছে বিপিএলের আয়োজত কমিটি। ১৯ ডিসেম্বরের পরিবর্তে এবার ২৪ ডিসেম্বর বিপিএল শুরুর কথা জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সাখাওয়াৎ হোসেন।

তিনি জানান, ব্যাট–প্যাডসহ ক্রিকেটের অনেক সরঞ্জাম কেনারও ব্যাপার থাকে। এসবের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলো যেন পর্যাপ্ত সময় পায়, সে জন্য আমরা এক সপ্তাহ বাড়তি সময় দিতে চেয়েছি।

তবে বিপিএলের খেলোয়াড় নিলাম পূর্বনির্ধারিত ৩০ নভেম্বরই অনুষ্ঠিত হবে। নিলামের জন্য খেলোয়াড় তালিকাও মোটামুটি চূড়ান্ত।

বিপিএলের এবারের আসরের নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন পাঁচ শতাধিক বিদেশি ক্রিকেটার। তবে যাচাই-বাছাই করে তাঁদের মধ্য থেকে ২৫০ জনের মতো ক্রিকেটারকে নিলামে তোলা হবে।

বিদেশিদের মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে সর্বোচ্চ ১৩ জন ক্রিকেটার আছেন শ্রীলঙ্কার, সব মিলিয়ে দেশটির ৫১ জন ক্রিকেটারের নাম থাকবে ৩০ নভেম্বর অনুষ্ঠেয় বিপিএলের নিলামে। দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন পাকিস্তানের। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার আছেন ৩০ জন।

ক্যাটাগরি ‘এ’তে ৪০ ক্রিকেটার: পীযুষ চাওলা, জনসন চার্লস, কিসি কার্টি, কিমো পল, ডমিনিক ড্রেকস, মোহাম্মদ হাসনাইন, জামান খান, আব্দুল সামাদ, উসামা মীর, শোয়েব মালিক, অভিষকা ফার্নান্দো, দাসুন শানাকা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, জর্জ মানসি, জর্জ ডকরেল, বাস ডি লিড, ওয়েন পারনেল, শান মাসুদ, সালমান আলী আঘা, দীনেশ চান্দিমাল, লাহিরু কুমারা, বিনুরা ফার্নান্দো, নিরোশান ডিকওয়েলা, চামিকা করুনারত্নে, জেফরি ভেন্ডারসে, দুনিথ ভেল্লালাগে, দুশমন্থ চামিরা, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, মাহিশ থিকশানা, মাথিশা পাথিরানা, চারিথ আসালঙ্কা, মোহাম্মদ ওয়াসিম, মোহাম্মদ হারিস ও আমের জামাল।

ক্যাটাগরি ‘বি’তে ২২ ক্রিকেটার: সন্দীপ লামিচানে, আসিফ আলী, সালমান মির্জা, রিচার্ড এনগারাভা, স্কট এডওয়ার্ডস, হ্যারি টেক্টর, আলী খান, হাহসমতউল্লাহ শহিদি, ইসুরু উদানা, সাউদ শাকিল, রবি বোপারা, সামিত প্যাটেল, সাদিরা সামারাউইকরামা, নাহিবউল্লাহ জাদরানের মতো ক্রিকেটার।

ক্যাটাগরি ‘সি’তে ৬০ ক্রিকেটার: হায়দার আলী, জাহানদাদ খান,শন উইলিয়ামস, সামিউল্লাহ শিনওয়ারি, জেমস ফুলার, লাহিরু মিলান্থা, খুররম শাহজাদ, দিলশান মুনাবীরা, প্রমোদ মাদুশান, আসেন বান্দারা, আব্দুল্লাহ শফিক, কেনার লুইস, রেইমন রেইফার, শামার স্প্রিঙ্গার, অ্যাঞ্জেলো পেরেরা, আমির হামজা হোটাক, রস হোয়াইটলি, জশ লিটল, ডেন পেটারসন, কাসুন রাজিথা, বিজয়কান্ত বিশ্বকান্ত, লাহিরু উদারা, ইনোসেন্ট কাইয়া, অ্যালিক অ্যাথানেজ, অ্যারন জোন্স, আকিলা ধনঞ্জয়া, শেলডন কটরেল, রায়ান বার্ল, কার্টিস ক্যামফার, পল স্টার্লিংয়ের মতো ক্রিকেটার।

ক্যাটাগরি ‘ডি’তে ২৫ ক্রিকেটার: উসমান কাদির, ব্রায়ান বেনেট, কাশিফ আলী, দীপেন্দ্র সিং অইরি, সালিম সাফি, আহমেদ দানিয়ালরা রয়েছেন।

ক্যাটাগরি ‘ই’তে ৯৮ ক্রিকেটার: নিমেশ বিমুক্তি, জশুয়া বিশপ, আসাদ রাজা, আসিফ শেখ, গুলশান ঝা, সোমপাল কামি, রুম্মন রাইস, মির্জা সাদ বেগ, চন্দরপল হেমরাজ, জনাথন ক্যাম্পবেল, এডওয়ার্ড বার্নার্ড ইত্যাদি।