ইংলিশ প্রিমিয়ার লিগে এবেরেচি এজের দুর্দান্ত হ্যাটট্রিকে টটেনহ্যাম হটস্পারকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। এই জয়ে ২৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান মজবুত করল গানাররা।

রোববার (২৩ নভেম্বর) নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে টটেনহ্যামকে আতিথ্য দেয় আর্সেনাল।

ম্যাচের পুরোটা সময় আলো নিজেদের করে রেখেছিল স্বাগতিকরা। ৩৬তম মিনিটে লিয়ান্দ্রো ট্রোসার্ডের গোলে টটেনহ্যামের বিপক্ষে ডেডলক ভাঙে গানাররা।

এরপর এককভাবে চলতে থাকে এবেরেচি এজে শো। ৫ মিনিট পর ব্যবধান দ্বিগুণের পর দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই স্কোরলাইন ৩-০ করেন এই মিডফিল্ডার।

৫৫তম মিনিটে টটেনহ্যামের পক্ষে এক গোল শোধ দেন রিচার্লিসন। ৭৬ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন এজে। ট্রোসার্ডের পাস ধরে জোড়ালো শটে দলের ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন এই ইংলিশ ফুটবলার।

১২ ম্যাচে ৯ জয় ও ২ ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে চেলসি। তৃতীয় স্থানে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ২২। তাদের চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে চার নম্বরে অ্যাস্টন ভিলা।

অপরদিকে, এই নিয়ে টানা তিন ম্যাচ জয়শূন্য টটেনহ্যাম, এর দুটিতেই হেরেছে তারা। আসরে চতুর্থ হারের পর ১৮ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে দলটি।