স্টাফ রিপোর্টার: নারী শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা সহজ করতে সরকারি তিতুমীর কলেজে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপন করেছেন তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নোবেল ইসলাম সূর্য। কলেজের পুরাতন বিজ্ঞান ভবনের তৃতীয় তলার নারী কমনরুমে স্থাপিত এ ভেন্ডিং মেশিন থেকে শিক্ষার্থীরা স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা পাবেন। বাজারদরের চেয়ে কম মূল্যে এখানে প্যাড পাওয়া যাবে বলে জানান সংশ্লিষ্টরা।
নোবেল ইসলাম সূর্য বলেন, “তিতুমীর কলেজের নারী শিক্ষার্থীদের সুবিধার্থে অ্যাকাডেমিক এলাকায় এই প্রথম ভেন্ডিং মেশিন স্থাপন করা হলো। সামনে প্রতিটি ভবনেই একটি করে মেশিন বসানোর পরিকল্পনা রয়েছে। কলেজ প্রশাসন এ ধরনের প্রয়োজনীয় উদ্যোগ না নেওয়ায় আমরা নিজেরাই শিক্ষার্থীদের সুবিধার কথা ভেবে এটি করেছি।”
তিনি আরও বলেন, “গত এক বছর ধরে আমরা শিক্ষার্থীবান্ধব কার্যক্রম চালিয়ে আসছি। তারই ধারাবাহিকতায় নারী শিক্ষার্থীদের জন্য এই ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে।”
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তিতুমীর কলেজের বিভিন্ন বিভাগের নারী শিক্ষার্থীরা। তাদের মতে, বিশ্ববিদ্যালয় বা কলেজ ক্যাম্পাসে নারীদের জন্য স্বাস্থ্যসচেতন পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি। তারা আরও বলেন, শুধু মেশিন স্থাপনই নয়—নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করাও অত্যন্ত প্রয়োজন।
ভেন্ডিং মেশিনের উদ্বোধন করেন তিতুমীর কলেজের অধ্যক্ষ ড. ছদরুদ্দীন আহমদ। তিনি বলেন, “শিক্ষার্থীবান্ধব কার্যক্রমের অংশ হিসেবে এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এতে নারী শিক্ষার্থীরা ক্যাম্পাসেই প্রয়োজনীয় সেবা পাবেন, বাইরে যেতে হবে না।”