ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিতে যাওয়া শিক্ষার্থীদের বাধা দিয়েছে পুলিশ। এসময় ধাওয়ার ঘটনাও ঘটে।

সোমবার (১৭ নভেম্বর) ঢাকা কলেজের মূল ফটকের সামনে থেকে শিক্ষার্থীরা ধানমন্ডি ৩২-এর দিকে রওনা হন।

বুলডোজার নিয়ে শিক্ষার্থীরা ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় এলাকার প্রবেশমুখে পৌঁছালে পুলিশ তাদের থামিয়ে দেয়। এ সময় ছাত্র-জনতা পুলিশকে ধাওয়া দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে পুলিশ শিক্ষার্থীদের পাল্টা ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।

জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির কিছু অংশ বুলডোজার দিয়ে কয়েক দফায় ভেঙে দিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

প্রসঙ্গত, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ (১৭ নভেম্বর) ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় হওয়ার কথা রয়েছে। অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।