বলিউডের বাদশা শাহরুখ খানের জীবনের গল্প যেন এক সিনেমা। টেলিভিশন থেকে সিনেমায়, স্বপ্ন থেকে সাফল্যে পৌঁছানোর এই যাত্রায় আজ কিংবদন্তি। কিন্তু তার প্রথম দিককার সংগ্রামের কাহিনি আজও অনুপ্রেরণাদায়ক। শাহরুখের ৬০তম জন্মদিন উপলক্ষে প্রযোজক ভিভেক বস্বানী রেডিও নশার এক সাক্ষাৎকারে জানালেন এমনই এক চমকপ্রদ ঘটনা- কীভাবে হেমা মালিনী একদিন ফোন করে শাহরুখকে তার ছবির জন্য ডাকেন, যদিও প্রথম দেখায় তাকে ‘কুৎসিত’ বলেছিলেন! খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

ভিভেক বলেন, একদিন হঠাৎ হেমা মালিনী আমাদের বাড়িতে ফোন করেন। আমার বাবা ফোন ধরেছিলেন। তিনি জিজ্ঞেস করেন, হেমা মালিনী কে? উত্তরে হেমা জি বলেন, আমি হেমা মালিনী, সুপারস্টার। বাবা তখন ঘুম থেকে আমাকে টেনে তুলে বলেন, তোর জন্য হেমা মালিনী ফোন করেছে। 

এরপর হেমা মালিনী ফোনে জানতে চান, শাহরুখ এখনো কি ভিভেকের বাড়িতেই থাকেন। ভিভেক ‘হ্যাঁ’ বলতেই হেমা বলেন, ওকে জাগাও, বিকেল ৫টায় আমার বাড়িতে পাঠাও।

ভিভেক ও শাহরুখ ঠিক সময়ে হেমা মালিনীর বাড়িতে পৌঁছান। ভিভেক জানান, আমরা দুজন ছোট্ট ইঁদুরের মতো ভয়ে গিয়েছিলাম। সামনে একজন পেপার পড়ছিলেন, পরে দেখি তিনি ধর্মেন্দ্রজি। এরপর হেমা জি এসে শাহরুখের দিকে তাকিয়ে বললেন, তুমি তো খুব কুৎসিত। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ‘তাহলে ওকেই কেন চাইছেন?’ তিনি বললেন, আমির খান আর সালমান খান না করে দিয়েছে। তখন আমি হেমা জিকে বোঝাতে বলেছিলাম, রাকেশ রোশন আর রমেশ সিপ্পি শাহরুখকে সাইন করেছেন—যা ছিল সম্পূর্ণ মিথ্যা, কিন্তু আমি জানতাম, কারও কেরিয়ার বানাতে হলে মাঝে মাঝে মিথ্যেও কাজে লাগে।

শেষ পর্যন্ত হেমা মালিনী শাহরুখকে সাইন করান তার পরিচালিত ছবি ‘দিল আশনা হ্যায়’-এর জন্য।

ভিভেকের ভাষায়, তিনি বললেন, ‘আমি হেমা মালিনী, আমি তোমাকে ৫০ হাজার টাকা দেব, কোনও প্রশ্ন নয়।’

সিনেমায় অভিনয় করেছিলেন জিতেন্দ্র, মিঠুন চক্রবর্তী, অমৃতা সিং, ডিম্পল কাপাডিয়া ও দিব্যা ভারতী। 

মজার বিষয় হলো, যদিও হেমা মালিনী তাকে ‘কুৎসিত’ বলেও ছবিতে সাইন করেছিলেন, সেই ‘দিল আশনা হ্যায়’ সিনেমা ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়। কিন্তু শাহরুখ খান আজকের কিং খান হয়ে ওঠার পথ তখন থেকেই শুরু।