বিহারে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে গিয়ে প্রাণনাশের হুমকি পেলেন বিজেপি সাংসদ ও অভিনেতা রবি কিষাণ। বিষয়টি নিজেই জানিয়েছেন তিনি তার এক্স হ্যান্ডেল (পূর্বে টুইটার)-এ দেওয়া এক পোস্টে। খবর ইন্ডিয়া টুডের।
নিজের পোস্টে রবি কিষাণ লিখেছেন, সম্প্রতি ফোনে আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়েছে। আমার মা, আমার পরিবার, এমনকি শ্রীরাম সম্পর্কেও অশালীন মন্তব্য করা হয়েছে। আমাকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে। এটি শুধু আমার ব্যক্তিগত মর্যাদার উপর আক্রমণ নয়, বরং আমাদের বিশ্বাস ও ভারতীয় সংস্কৃতির মূলেও আঘাত।
তিনি আরও বলেন, এ ধরনের হুমকি ও কুরুচিকর মন্তব্য সমাজে ঘৃণা ও অরাজকতা ছড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট।
এ ঘটনায় তিনি গোরক্ষপুরের রামগড় তাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
গোরক্ষপুরের পুলিশ সুপার (এসপি) অভিনব ত্যাগী সংবাদমাধ্যমকে জানান, রবি কিষাণ লিখিতভাবে অভিযোগ করেছেন যে, নির্বাচনী প্রচারে গিয়ে তিনি প্রাণনাশের হুমকি পেয়েছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।