পুনরায় টেস্ট দলের অধিনায়কত্ব পেলেন নাজমুল হোসেন শান্ত। ২০২৭ পর্যন্ত থাকবেন এ দায়িত্বে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২০২৭ চক্র পর্যন্ত বাংলাদেশকে বড় দৈর্ঘ্যের ক্রিকেটে নেতৃত্বে দেবেন তিনি।
গত ২৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট হারের পর অধিনায়কত্ব থেকে সরে আসার ঘোষণা দেন নাজমুল। তখন তিনি বলেছিলেন, ‘‘আমার ব্যক্তিগত অভিমত যে, তিনজন অধিনায়ক দলের জন্য সমস্যা হতে পারে। দলের ভালোর জন্য এখান থেকে সরে আসছি। যদি ক্রিকেট বোর্ড মনে করে যে, তিনজন অধিনায়কই রাখবে, এটা তাদের সিদ্ধান্ত।”
কিন্তু, সেই তিন অধিনায়ক যুগেই আবার প্রবেশ করলেন তিনি। লিটন দাস টি-টোয়েন্টির দায়িত্বে। মিরাজকে এক বছরের জন্য দেওয়া হয়েছে ওয়ানডের দায়িত্ব। নাজমুল দুই বছরের জন্য টেস্ট ক্রিকেটে নেতৃত্ব দেবেন।
২০২৩ সালে মুমিনুল হকের কাছ থেকে টেস্ট দলের দায়িত্ব নেন নাজমুল। এখন পর্যন্ত ১৪ টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি।