বহু বছর পর একসঙ্গে পর্দায় ফিরতে চলেছেন বলিউডের দুই জনপ্রিয় তারকা সালমান খান ও গোবিন্দ। ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘পার্টনার’ ছবির পর আবারো তাদের একসঙ্গে দেখা যাবে। যদিও ছবিটির নাম এখনো ঘোষণা করা হয়নি। তবে সূত্র জানায়, ছবিটির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং এটি এখনো আলোচনা পর্যায়ে রয়েছে।

এই নতুন ছবিতে সালমান ও গোবিন্দের জুটি দর্শকদের জন্য একটি বড় চমক হতে চলেছে। তাদের একসঙ্গে পর্দায় আসার খবর শোনা মাত্রই ভক্তদের মধ্যে রোমাঞ্চের সৃষ্টি হয়েছে। গোবিন্দের স্ত্রী সুনীতা সম্প্রতি ‘বিগ বস ১৯’-এর মঞ্চে সালমান খানের সঙ্গে তার স্বামীর কাজের ইঙ্গিত দিয়ে ভক্তদের আরো কৌতূহলী করেছেন।

এদিকে, গোবিন্দ নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে পর্দায় ফেরার ইঙ্গিত দিয়েছেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, নতুন শুরুর জন্য প্রস্তুত। এর মাধ্যমে তিনি ভক্তদের জানান দিয়েছেন যে, তার নতুন যাত্রা শিগগিরই শুরু হতে যাচ্ছে।

অন্যদিকে, সালমান খান তার আসন্ন সিনেমা ‘ব্যাটল অফ গালওয়ান’-এ ব্যস্ত রয়েছেন, যেখানে তাকে একজন সেনা অফিসারের চরিত্রে দেখা যাবে। সিনেমাটি পরিচালনা করছেন অপূর্ব লাখিয়া।