আফগানিস্তানের কাছে হেরে সেন্ট্রাল এশিয়া ভলিবল অ্যাসোসিয়েশন (কাভা) কাপের ফাইনাল থেকে ছিটকে গেছে বাংলাদেশ দল। তবে আশা ছিল শ্রীলঙ্কাকে হারিয়ে ব্রোঞ্জ পদক নিজেদের করবে স্বাগতিকরা। কিন্তু সেখানেও ব্যর্থ হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

মঙ্গলবার (২৮ অক্টোবর) মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৩-০ সেটে হেরেছে বাংলাদেশ। একে এতে চতুর্থ স্থান নিয়ে টুর্নামেন্ট শেষ করল তারা।

শ্রীলঙ্কা প্রথম সেটে ২৫-২০ পয়েন্টে বাংলাদেশকে হারায়। দ্বিতীয় সেটে দুই দলের মধ্যে তুমুল লড়াই হলেও বাংলাদেশ ম্যাচে ফিরতে পারেনি। এই সেটে শ্রীলঙ্কা ২৫-২৩ পয়েন্টে জয়লাভ করে ২-০ সেটে এগিয়ে যায়। 

এরপর তৃতীয় সেটে শ্রীলঙ্কা ২৫-২০ পয়েন্টে জয় নিশ্চিত করে ৩-০ সেটে ম্যাচ জিতে নেয়। এর আগে ২৪ অক্টোবর রাউন্ড রবিন লিগের খেলায় এই দুই দলের সাক্ষাতে বাংলাদেশ ৩-২ সেটে শ্রীলঙ্কাকে হারিয়েছিল।