দীর্ঘ সময় আড়ালে থাকার পর অবশেষে প্রকাশ্যে দেখা গেল ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা নিপুণ আক্তারকে।
শুক্রবার (২৪ অক্টোবর) অভিনেতা নানা শাহর ছেলের বিয়েতে হাজির হয়ে আবারও আলোচনায় এলেন এই অভিনেত্রী।
সম্প্রতি চিত্রনায়িকা পলির একটি শর্টস ভিডিওতেও দেখা গেছে নিপুণকে। সেখানে চিত্রনায়িকা রোজিনা ও পলির সঙ্গে কুশল বিনিময় করতে দেখা যায় তাকে।
২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই নিপুণ অনেকটা অন্তরালে চলে যান। মাঝে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়। গোয়েন্দা সংস্থার আপত্তির কারণে তার বিদেশযাত্রা সম্ভব হয়নি বলে জানা যায়। এরপর থেকে তিনি আর প্রকাশ্যে তেমন দেখা দেননি।
উল্লেখ্য, চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে পরাজিত হয়েও নিপুণ আদালতের মামলা করে বিজয়ী প্রার্থী জায়েদ খানকে চেয়ারে বসতে দেননি। এ ছাড়া আদালতের স্থিতিতাদেশ অমান্য করে তিনি সাধারণ সম্পাদকের চেয়ার দখল করে ছিলেন। এ থেকে অনুমান করা যায় তৎকালীন সরকারের একজন প্রভাবশালী অভিনেত্রী ছিলেন নিপুণ।
তবে পট পরিবর্তনের পর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয় চিত্রনায়িকা নিপুণ আক্তারকে। এ বছরের শুরুতেই সমিতির কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো।