রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনী ও র‍্যাব-২ এর যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল ও মাদকসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) ভোররাতে এ অভিযান পরিচালিত হয়।

সেনাবাহিনী জানায়, সাম্প্রতিক সময়ে জেনেভা ক্যাম্পে স্থানীয় তিনটি কুখ্যাত গ্যাং — চুয়া সেলিম, পিচ্চি রাজা ও বুনিয়া সোহেলের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে। গত ২১ অক্টোবর পিচ্চি রাজা বাহিনীর আস্তানা থেকে ৩২টি তাজা ককটেলসহ চারজনকে গ্রেফতার করা হয়।  এরপর ২৩ অক্টোবর বুনিয়া সোহেল গ্রুপের সদস্য জাহিদ (২০) প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের সঙ্গে সংঘর্ষে নিহত হয়। ঘটনার ধারাবাহিকতায় সেনাবাহিনী ও র‍্যাব-২ সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে জেনেভা ক্যাম্প এলাকায় অভিযান চালায়। অভিযানে চারজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন— আব্দুল্লাহ সারমান (৩১), ইমরান হোসেন আলম (২৮), মো. আকাশ (২৫) ও মো. সোহেল (২৮)। এর মধ্যে মো. সোহেল বুনিয়া সোহেল বাহিনীর ম্যানেজার হিসেবে পরিচিত। তাদের কাছ থেকে ১টি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল (ইতালি) ও  ১.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ বিষয়ে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, মোহাম্মদপুর এলাকায় সন্ত্রাস ও মাদক নিধনে আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। গতকাল সন্ধ্যায়ও মোহাম্মদপুর পুলিশ এই এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ২০ জনের মত অপরাধীকে গ্রেফতার করে। আমাদের এরকম যৌথ অভিযান নিয়মিত চলবে।