দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক দুই সেনা কর্মকর্তা—আবু সাঈদ মো. মাসুদ ও মুহাম্মদ হাবিবুর রহমান খানসহ আটজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সোমবার (২০ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ এ তথ্য জানান।
নিষেধাজ্ঞার তালিকায় থাকা বাকি ছয়জন হলেন—হাবিবুর রহমানের স্ত্রী সাবিনা রহমান খান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ‘স্বার্থ সংশ্লিষ্ট’ ব্যক্তি মো. শহীদ, মোহাম্মদ জাহিদ, মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরী, সাবেক কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন ও তার স্ত্রী জহুরা আহম্মদ শুভ।
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আবু সাঈদ মাসুদ, হাবিবুর রহমান খানসহ অন্যরা দুর্নীতি ও অর্থ পাচারে জড়িত দাবি করে দুদক আদালতকে বলে, এসব ঘটনার অনুসন্ধান চলছে। এই ব্যক্তিরা বিদেশে পালিয়ে গেলে সেই অনুসন্ধান ব্যাহত হতে পারে।