করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে চীনের জিয়ান শহরে কঠোর লকডাউন আরোপ করেছে কর্তৃপক্ষ। এতটাই কঠোর যে বাসিন্দারা ঘর থেকে বের হতে পারছেন না। নিত্যপ্রয়োজনীয় খাবারের জোগান না থাকায় গড়ে উঠেছে আপৎকালীন বিনিময় প্রথা। এর মধ্যে কেউ সিগারেট দিয়ে নিচ্ছে বাঁধাকপির মতো সবজি আবার কেউ মোবাইল দিয়ে নিচ্ছেন চাল।

গতকাল বিবিসির প্রতিবেদনে এমনই লকডাউনের চিত্র তুলে ধরা হয়।

এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমে খবরে বলা হয়, জিয়ান প্রদেশে লকডাউনে বড় ধরনের খাদ্য সংকট দেখা দিয়েছে। বিবিসির খবরেও সে বিষয়টিই উঠে এসেছে। খবরে বলা হয়েছে, জিয়ান শহরে কোয়ারেন্টিনে থাকা কিছু বাসিন্দা অব্যাহত খাদ্য সংকটের মুখে সরবরাহের জন্য বিনিময় পন্থা অবলম্বন করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে দেখা যায়, সেখানকার বাসিন্দারা খাবারের বিনিময় করছেন। এমনকি খাবারের জন্য তারা স্মার্ট ফোন এবং অন্যান্য সরঞ্জামও বিনিময় করছেন।

উল্লেখ্য, করোনার নতুন প্রাদুর্ভাব শুরু হওয়ায় জিয়ানের এক কোটি ৩০ লাখ মানুষকে গত ২৩ ডিসেম্বর থেকে বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়। এদিকে নগর কর্তৃপক্ষ বলছে, প্রত্যেক পরিবারে বিনামূল্যে খাদ্য সরবরাহ করা হয়েছে। কিন্তু স্থানীয়রা অভিযোগ করেছেন, খাবারের সরবরাহ অনেক কম অথবা তারা এখন পর্যন্ত কোনো সহায়তাই পাননি।

চীনা সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে শেয়ার করা ভিডিও এবং ছবিতে দেখা যায়, লোকজন বাঁধাকপির জন্য সিগারেট, আপেলের জন্য থালা-বাসন ধোয়ার লিকুইড এবং সবজির জন্য স্যানিটারি প্যাড বিনিময় করছেন।

অপর এক ভিডিওতে দেখা যায়, একজন বাসিন্দা তার গেম খেলার একটি সরঞ্জামের বিনিময়ে ইন্সট্যান্ট নুডলসের একটি প্যাকেট এবং দুটি স্টিমড বান নিচ্ছেন।