গায়ক মাইনুল আহসান নোবেলের প্রাক্তন স্ত্রী সালসাবিল মাহমুদ এবার নাম লেখালেন অভিনয়ে। ‘টানাপোড়ন’ শিরোনামের একটি ধারাবাহিক নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হচ্ছে তার। বিষয়টি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সালসাবিল।
নাটকটি পরিচালনা করছেন বাপ্পি খান। এটি একটি পারিবারিক গল্পনির্ভর নাটক যেখানে ভালোবাসা, সম্পর্কের জটিলতা এবং জীবনের নানা টানাপোড়নের গল্প তুলে ধরা হয়েছে।
সালসাবিল জানান, এই নাটকের মাধ্যমে প্রথমবারের মতো অভিনয় করছি। চরিত্রটি আমার কাছে চ্যালেঞ্জিং এবং তা নিয়ে আমি ভীষণভাবে উচ্ছ্বসিত।
ইতোমধ্যে নাটকের শুটিং শুরু হয়েছে এবং গতকাল সালসাবিল তার ফেসবুক পেজে একটি পোস্টার প্রকাশ করেছেন। পোস্টারে তাকে বিমর্ষ এক চরিত্রে দেখা গেছে, যা দেখে দর্শকদের কৌতূহল আরও বেড়েছে।
অভিনয়ে তার আগমনে ইতোমধ্যেই সাড়া মিলছে অনুরাগীদের মধ্যে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই শুভকামনা জানিয়ে মন্তব্য করেছেন।