আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অপব্যবহারজনিত ঝুঁকি মোকাবিলায় সহায়তার আশ্বাস দিয়েছে অস্ট্রেলিয়া। এ বিষয়ে আলোচনা করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার ক্ষুদ্র ব্যবসা, আন্তর্জাতিক উন্নয়ন ও বহুসংস্কৃতিবিষয়ক মন্ত্রী ডা. অ্যান অ্যালি।

বুধবার (১৫ অক্টোবর) নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

ইসির সিনিয়র সচিব জানান, বৈঠকে এআই ইন্টারভেনশন, তথ্যের অপব্যবহার, তথ্যদূষণ ও ভুয়া তথ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। অস্ট্রেলিয়ান মন্ত্রী ডা. অ্যান অ্যালি সিইসিকে জানান, এ ধরনের সমস্যা তাদের দেশেও বিদ্যমান।

আখতার আহমেদ বলেন, অস্ট্রেলিয়া বর্তমানে ইউএনডিপি স্পন্সর করা ‘ব্যালট’ নামের একটি প্রকল্পেও সহযোগিতা করছে। মন্ত্রী আশ্বাস দিয়েছেন, ভবিষ্যতে যদি অতিরিক্ত সহায়তার সুযোগ তৈরি হয়, তবে অস্ট্রেলিয়া তা বিবেচনা করবে এবং প্রয়োজন হলে সাহায্য করবে।

তিনি আরও যোগ করেন, এই বৈঠকটি মূলত একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। মন্ত্রী নির্বাচন প্রক্রিয়া ও প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিলেন এবং উভয় পক্ষ তাদের অভিজ্ঞতা বিনিময় করেছে। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল প্রযুক্তি অপব্যবহার, বিশেষ করে এআই-সংক্রান্ত ঝুঁকি।