দীর্ঘ প্রায় দুই দশক পর গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলাকে দেওয়া দীর্ঘ এই সাক্ষাৎকারে নির্বাচন, আওয়ামী লীগের রাজনীতি, অন্তর্বর্তী সরকারের পাশাপাশি ভারত প্রসঙ্গেও কথা বলেছেন তারেক রহমান।
সাক্ষাৎকারের দ্বিতীয় ও শেষ পর্বটি মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে প্রকাশ করেছে বিবিসি বাংলা।
সেখানে ভারত প্রসঙ্গে প্রশ্ন করা হলে তারেক রহমান বলেন, সবার আগে বাংলাদেশ। এখানে ভারত বা অন্য দেশ বিষয় না। বিষয় হচ্ছে, আমি আগে আমার দেশের মানুষের স্বার্থ দেখব। ওটাকে আমি রেখে আপহোল্ড করে আমি যা যা করতে পারব, আমি তাই করব।
তিনি আরও বলেন, আমি অবশ্যই ভারতের কাছে আমার পানির হিস্যা চাই। অবশ্যই আমি দেখতে চাই না, আরেক ফেলানী ঝুলে আছে। অবশ্যই আমরা এটা মেনে নিব না। দুটো উদাহরণ দিয়ে বুঝালাম, বিএনপির স্ট্যান্ডটা কি হবে। আমরা আমাদের পানির হিস্যা চাই। অর্থাৎ আমার দেশের হিস্যা, মানুষের হিস্যা আমি চাই, যেটা ন্যায্য সেটা আমি চাই। ফেলানী হত্যাকাণ্ডের মাধ্যমে আমি বুঝাতে চেয়েছি, আমার মানুষের ওপরে আঘাত আসলে অবশ্যই সেই আঘাতকে এভাবে আমি মেনে নেব না।
ভারতের সঙ্গে সম্পর্কের শীতলতা ও শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এখন তারা (ভারত) যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সাথে শীতল থাকবে। সুতরাং, আমাকে আমার দেশের মানুষের সাথে থাকতে হবে।
বিএনপি যদি সরকার গঠন করে তবে কূটনীতির ক্ষেত্রে বিএনপির মূলনীতি কী হবে, এমন প্রশ্নে তারেক রহমান বলেন, বিএনপির মূলনীতি একটাই- সবার আগে বাংলাদেশ। কূটনীতির ক্ষেত্রে বিএনপির নীতি সবার আগে বাংলাদেশ। আমার জনগণ, আমার দেশ, আমার সার্বভৌমত্ব। এটিকে অক্ষুন্ন রেখে, এটি স্বার্থ বিবেচনা করে, এই স্বার্থকে অটুট রেখে বাকি সবকিছু।