দেশে বিচ্ছিন্নভাবে আগামী দুই দিন অতি ভারী বৃষ্টি হতে পারে। ফলে এই সময়ে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে দেশের ৭ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দেশের নদ-নদীর বর্তমান অবস্থা জানিয়ে এক পূর্বাভাসে এমনটা জানানো হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে। আগামী ২ দিন এসব নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে। 

ফলে এই সময়ে মুহুরী, সেলোনিয়া ও ফেনী পানি ফেনী জেলায় বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং এসব নদী-সংলগ্ন নিম্নাঞ্চলগুলোয় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

এই সময়ে ফেনী নদীর চট্টগ্রাম জেলায় পানি সমতল সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং নদী-সংলগ্ন নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হতে পারে। তবে তৃতীয় দিনে পানি সমতল হ্রাস পেতে পারে।