ঢাকায় নিযুক্ত সাবেক সৌদি রাষ্ট্রদূতের পরিবারের পক্ষ থেকে মডেল মেঘনা আলমকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিস্ফোরক পোস্ট দিয়ে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মেঘনা।

বৃহস্পতিবার (২ অক্টোবর) নিজের জন্মদিনে এক ফেসবুক পোস্টে মেঘনা আলম লেখেন, আজ আমার জন্মদিন। এই দিনে ২০১৮ সালে সৌদি কনস্যুলেটের ভেতরে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয়েছিল। সেই ঘটনাটি সত্য বলার ঝুঁকি এবং ক্ষমতার বিরুদ্ধে দাঁড়ানোর সাহসকে মনে করিয়ে দেয়।

তিনি আরও উল্লেখ করেন, আজও আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে সাবেক রাষ্ট্রদূতের পরিবারের পক্ষ থেকে। কারণ তারা আমাকে ব্যবহার করতে ব্যর্থ হয়েছে এবং এখন সেই ঘটনা ঢাকতে চাইছে।

মেঘনা জানান, তিনি এ হুমকিতে ভীত নন এবং সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করবেন। 

তিনি বলেন, আমি বিশ্বাস করি, সৌদি আরবের ক্রাউন প্রিন্স ন্যায়ের পক্ষে আছেন। তিনি ব্যক্তিগত স্বার্থ বা প্রভাবশালী কারও খেয়ালখুশি অনুযায়ী কাজ করেন না। যারা নারীদের ব্যবহার করতে চায়, তাদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে মেঘনা আলমের বিরুদ্ধে ৫ মিলিয়ন ডলার দাবির অভিযোগে মামলা হয়। এই মামলায় মডেলকে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল।

সর্বশেষ ৩০ সেপ্টেম্বর মামলাটির শুনানিতে মেঘনার ব্যবহৃত মোবাইল ফোন, আইপ্যাড ও পাসপোর্ট জব্দ করার আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করেন। মেঘনা নিজেই এসব জিনিস নিজের দখলে রাখার আবেদন করেছিলেন।