ঢাকায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

৪১

রাজধানীতে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৭ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকা জেলার দোহার থানা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ (২৯), খিলগাঁও থানা ৩নং ওয়ার্ড যুবলীগের প্রচার সম্পাদক জসিম খান (৩০), খিলগাঁও থানা ৭৪ নং ওয়ার্ডের উত্তর নন্দীপাড়া রসুলবাগ ইউনিট যুবলীগের সদস্য সচিব সামিউল ইসলাম হৃদয় (৩০), খিলগাঁও থানা ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আহসান হাবিব (৪২), খিলগাঁও থানা ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলাম লিটন (৪৭) এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সদস্য মো. আমিনুল ইসলাম রিফাত (২৮)।

খিলগাঁও থানা সূত্রে জানা যায়, শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। রাত সাড়ে ১০টার দিকে নন্দীপাড়া বটতলা এলাকা থেকে জসিম ও সামিউলকে এবং রাত সোয়া ১১টার দিকে দক্ষিণ বনশ্রী এলাকা থেকে শাকিল আহমেদকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে, শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে খিলগাঁও সি ব্লক এলাকা থেকে আহসান হাবিব ও আমিনুল ইসলাম লিটনকে এবং রাত দেড়টার দিকে খিলগাঁও তিলপাড়া থেকে আমিনুল ইসলাম রিফাতকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্ট করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।