নুরের ওপর হামলায় নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

Img 20250830 114108
৩১

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পাশাপাশি এ ঘটনার তদন্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন নুরকে দেখতে গিয়ে তিনি এ কথা জানান।

শফিকুল আলম বলেন, আমি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি।

তারা জানিয়েছেন, নুরের নাক ও চোখের কাছে আঘাত লেগেছে, ইন্টার্নাল ব্লিডিং হচ্ছে এবং তিনি সেমি-কনশাস অবস্থায় আছেন। পরবর্তী পর্যবেক্ষণের জন্য চিকিৎসকরা কিছুক্ষণের মধ্যে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেবেন। পাশাপাশি কিছু টেস্টও করবেন।

তিনি বলেন, নুরের ওপর হামলা খুবই ন্যাক্কারজনক একটি ঘটনা। আমরা এটার নিন্দা জানাই। এই পুরো ঘটনা আমরা তদন্ত করব।

প্রেস সচিব বলেন, যখন দেশে মানুষের সাহসের অভাব ছিল, শেখ হাসিনার বিরুদ্ধে কেউ দাঁড়ায়নি, তখন ২০১৮ সালে নুরুল হক নুর কোটাবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। তার সাহস আপনারা দেখেছেন। ২০২৪ সালে গণ অভ্যুত্থানে নুরসহ গণ অধিকার পরিষদের সবাই ছিলেন। ১৯ জুলাই রাতে নুরকে গ্রেপ্তার করে নির্মমভাবে নির্যাতন করা হয়। তার ওপর আজকের হামলার ঘটনাটিও তদন্ত করা হবে।