আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় ১৬ আসামির বিচার শুরুর আদেশ

90b3d7cd1000194c3ffca6a46956e2e7
৮৪

সাভারের আশুলিয়ায় ছয়জনের মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে আলোচিত এ মামলায় পলাতক ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

১৬ আসামির মধ্যে কারাগারে থাকা আটজনকে এদিন আদালতে হাজির করা হয়।

তারা হলেন- ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, আবজাল হোসেন ও কনস্টেবল মুকুল।

এর আগে, গত ১৩ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ স্টেট ডিফেন্স ও আসামিপক্ষের আইনজীবীর শুনানি শেষে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আজকের দিন ধার্য করেছিলেন ট্রাইব্যুনাল।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারান ছয় তরুণ। এরপর পুলিশ ভ্যানে তাদের মরদেহ তুলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। নৃশংস এ ঘটনার সময় একজন জীবিত ছিলেন। কিন্তু তাকেও বাঁচতে দেননি তারা। পেট্রোল ঢেলে জীবন্ত মানুষকেই পুড়িয়ে মারা হয়।

এ ঘটনায় ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। তবে আলোচিত এ মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ৮ জন এখনও পলাতক রয়েছেন।