পরমাণু বিজ্ঞানী হত্যায় সহযোগিতাকারী আরও এক গাদ্দারকে ফাঁসি দিল ইরান

Img 20250806 201509
১৭

গত জুনে সংঘটিত ১২ দিনের যুদ্ধে ইরানি পরমাণু বিজ্ঞানীদের হত্যার মিশনে ইসরায়েলকে সহযোগিতা করার অপরাধে রুজবেহ ভাদি নামে এক গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

বুধবার (৬ আগস্ট) ইরানি বিচার বিভাগের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি জুন মাসে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের সময় নিহত একজন পারমাণবিক বিজ্ঞানী সম্পর্কে শত্রুদের কাছে তথ্য সরবরাহ করেছিল। এছাড়া, তিনি ইসরায়েলের হয়ে বিভিন্নভাবে গুপ্তচরবৃত্তি করছিলেন। সব আইনি প্রক্রিয়া মেনেই ওই ব্যক্তির শাস্তি কার্যকর করা হয়েছে।

ইরানি কর্তৃপক্ষ জানায়, বিচারিক কার্যক্রম এবং সুপ্রিম কোর্ট কর্তৃক তার সাজা নিশ্চিতকরণের পর রুজবেহ ভাদির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

তবে, রুজবেহ ভাদির সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ইরানি কর্তৃপক্ষ। এছাড়া তার সঙ্গে অন্য কেউ জড়িত কি না বা এ মামলায় আরও কেউ গ্রেপ্তার আছে কি না, তাও স্পষ্ট করা হয়নি।

প্রসঙ্গত, সম্প্রতি ইরানে গুপ্তচরবৃত্তির শাস্তি সংশোধন করে নতুন আইন পাস করা হয়েছে। নতুন আইন অনুযায়ী, কোনো ব্যক্তি শত্রুরাষ্ট্র বা গোষ্ঠীর জন্য গোয়েন্দা কার্যক্রমে জড়িত প্রমাণিত হলে তার মৃত্যুদণ্ডের পাশাপাশি সম্পত্তিও বাজেয়াপ্ত করা যাবে।

আইনে বলা হয়েছে, মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো সাজার বিরুদ্ধে আপিল করা যাবে না। আর সর্বোচ্চ ১০ দিনের মধ্যে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা যাবে।