শর্ত না মানলে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য

Starmar
১৯৪

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েল গাজায় ভয়াবহ পরিস্থিতির অবসানে কার্যকর পদক্ষেপ না নিলে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

মঙ্গলবার গ্রীষ্মকালীন ছুটির মাঝেও ডাকা মন্ত্রিসভার এক বিশেষ বৈঠকে স্টারমার বলেন, সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগেই এই স্বীকৃতি দেওয়া হতে পারে। তবে এর আগে ইসরায়েলকে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত মানতে হবে।

✅ শর্তগুলো কী কী?

  • গাজায় চলমান ভয়াবহ পরিস্থিতির অবসানে কার্যকর পদক্ষেপ গ্রহণ

  • যুদ্ধবিরতিতে সম্মতি দেওয়া

  • পশ্চিম তীরে দখলদারি বন্ধে প্রতিশ্রুতি

  • দ্বিরাষ্ট্রীয় সমাধানের পথ সুগম করতে দীর্ঘমেয়াদি শান্তিপ্রক্রিয়ার প্রতি প্রতিশ্রুতি

যুক্তরাজ্য সরকারের বিবৃতিতে বলা হয়, স্টারমার আবারও স্পষ্ট করেছেন—ইসরায়েল ও হামাসের মধ্যে কোনো তুলনা চলে না। হামাসকে অবশ্যই সব জিম্মিকে মুক্ত করতে হবে, যুদ্ধবিরতিতে সম্মতি জানাতে হবে, গাজার প্রশাসনে কোনো ভূমিকা না রাখার বিষয়টি মেনে নিতে হবে এবং অস্ত্র পরিত্যাগ করতে হবে।

বৈঠকে ইউরোপের অন্যান্য নেতাদের সঙ্গে মিলে প্রস্তাবিত এক নতুন শান্তি পরিকল্পনা ও গাজায় মানবিক সহায়তা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে বলে জানানো হয়।

চাপ বাড়ছিল স্টারমারের ওপর

সম্প্রতি যুক্তরাজ্যের ২২১ জন আইনপ্রণেতা প্রধানমন্ত্রী স্টারমারকে চিঠি দিয়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। তাঁদের মধ্যে লেবার পার্টির সদস্যরাও রয়েছেন।

আন্তর্জাতিক পরিপ্রেক্ষিত

এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁও জানিয়েছিলেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবেন তিনি। বর্তমানে বিশ্বের প্রায় ১৩৯টি দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।