আকাশ দখলে নতুন অস্ত্র: আসছে যুক্তরাষ্ট্রের বি-২১ রেইডার বোমারু বিমান

Bomb usa
৬৩

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্ব শান্তির রক্ষক হিসেবে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্র এবার নিজের সামরিক শক্তিকে আরও একধাপ এগিয়ে নিতে যাচ্ছে। শিগগিরই আকাশে উড়বে যুক্তরাষ্ট্রের নতুন প্রজন্মের বোমারু বিমান বি-২১ রেইডার, যা যুক্তরাষ্ট্রের গ্লোবাল স্ট্রাইক সক্ষমতাকে পৌঁছে দেবে নতুন উচ্চতায়।

মার্কিন এয়ারফোর্স গ্লোবাল স্ট্রাইক কমান্ড জানিয়েছে, ভবিষ্যতের যুদ্ধ পরিস্থিতি মাথায় রেখে দূরপাল্লার আক্রমণ সক্ষমতা বাড়ানো এখন সময়ের দাবি। যদিও প্রথম বি-২১ আকাশে ওড়ে ২০২৩ সালের নভেম্বরে, এখনও এটি পূর্ণমাত্রায় উড্ডয়নে যায়নি। আপাতত প্রতি সপ্তাহে দুইবার পরীক্ষামূলক উড্ডয়ন চলছে মাত্র একটি বিমানের।

জেনারেল থমাস এ. বুসিয়ের, গ্লোবাল স্ট্রাইক কমান্ডের প্রধান, জানান যে দ্বিতীয় বি-২১ রেইডারও খুব শিগগিরই পরীক্ষামূলকভাবে উড়বে। “অতিরিক্ত উচ্চাশা না করাই ভালো,” মন্তব্য করেন তিনি, “তবে এটি নিশ্চিত যে সবধরনের সর্বাধুনিক প্রযুক্তি এতে যুক্ত করা হচ্ছে।”

এদিকে, এ প্রকল্পে ৪০৫ কোটি ডলার অতিরিক্ত বাজেট বরাদ্দের প্রস্তাব এসেছে মার্কিন নীতিনির্ধারকদের পক্ষ থেকে। এই খরচ বাড়ানোকে যৌক্তিক বলেই মনে করছেন বুসিয়ের। তার ভাষায়, “বিদ্যমান বোমারু বিমান দিয়ে আর চলবে না। এই পরিস্থিতিতে বি-২১ রেইডার তৈরি অত্যাবশ্যক।”

নর্থরপ গ্রুম্যান, এয়ারফোর্স ম্যাটেরিয়াল কমান্ড এবং এয়ারফোর্স হেডকোয়ার্টার্স একত্রে এ প্রকল্প বাস্তবায়নে কাজ করছে।

যদিও প্রকল্পের চূড়ান্ত উৎপাদন সংখ্যা প্রকাশ করা হয়নি, বিভিন্ন গণমাধ্যম বলছে কমপক্ষে সাতটি বিমান ইতোমধ্যে তৈরি হচ্ছে।

গত মে মাসে মার্কিন সেনেট আর্মড সার্ভিসেস কমিটিতে বুসিয়ের প্রস্তাব দেন, বিমানের উৎপাদন লক্ষ্যমাত্রা ১০০ থেকে বাড়িয়ে ১৪৫ করতে হবে। কারণ, ২০১৮ সালে নির্ধারিত ১০০ বিমানের লক্ষ্য এখনকার ভূরাজনৈতিক বাস্তবতায় অপর্যাপ্ত

এই প্রসঙ্গে ইউএস স্ট্র্যাটেজিক কমান্ডের প্রধান জেনারেল অ্যান্থনি কটন-ও বুসিয়েরের বক্তব্যকে সমর্থন করেন।
তাদের মতে, যখন যুক্তরাষ্ট্র আগের সংখ্যার ভিত্তিতে পরিকল্পনা করছিল, তখনই রাশিয়া ও চীন তাদের কৌশলগত সামরিক শক্তি বহুগুণ বাড়িয়ে ফেলেছে।

বিশ্লেষকদের ধারণা, আধুনিক যুদ্ধের ভবিষ্যৎ চিত্রে বি-২১ রেইডার হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের আকাশে আধিপত্য বিস্তারের অন্যতম হাতিয়ার