গোপালগঞ্জে কারফিউর সময় বাড়লো

Gopalganjjjjjj 768x432
৪১

গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে ঘিরে হামলা ও সহিংসতার ঘটনায় জারি করা কারফিউর সময় বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

তাতে বলা হয়, জেলায় আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল শুক্রবার (১৮ জুলাই) দুপুর ১১টা পর্যন্ত কারফিউ অব্যাহত থাকবে। দুপুর ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এরপর দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আবারও কারফিউ চলবে।

গতকাল বুধবার সমাবেশ শেষে ফেরার পথে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় গোপালগঞ্জের পৌরপার্ক এলাকা রণক্ষেত্রে পরিণত হলে জেলায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। এরপর জেলাটিতে গতকাল রাত ৮টা হতে আজ সন্ধ্যায় ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। এবার চলমান কারফিউর সময় বাড়ানো হলো।

এর আগে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। দিনভর হামলা-সহিংসতায় কয়েকজনের মৃত্যু হয়। পরে বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়।

এদিকে, গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে। তার সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন এবং আইন ও বিচার মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব যোগ দেবেন।

এই কমিটিকে ঘটনাগুলো গভীরভাবে তদন্ত করে দুই সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টার দপ্তরে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

অন্যদিকে, গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী সংবাদ বিজ্ঞপ্তি এবং পুলিশের পক্ষ থেকে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।