পোড়া গন্ধে মাঝ আকাশ থেকে ফিরে এলো এয়ার ইন্ডিয়ার ফ্লাইট

1751128992 f449c3c901ead10720d0136d6b891cb5
২২

মুম্বাই থেকে চেন্নাইগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে কেবিনে অস্বাভাবিক ‘পোড়া গন্ধ’ পাওয়া যাওয়ায় মাঝ আকাশ থেকে সতর্কতামূলকভাবে বিমানটি ফেরত পাঠানো হয়েছে।

শুক্রবার (২৭ জুন) এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ৬৩৯-এ এ ঘটনা ঘটে। তবে বিষয়টি শনিবার (২৮ জুন) প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

ভারতের বার্তা সংস্থা পিটিআই জানায়, ফ্লাইটটির কেবিন ক্রু পোড়া গন্ধ অনুভব করার পর পাইলট অবিলম্বে বিমানটি মুম্বাইতে ফিরিয়ে আনেন।

এ বিষয়ে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিমানটি নিরাপদে অবতরণ করে এবং যাত্রীদের বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়। মুম্বাই বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে যাত্রীদের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।

তবে কী কারণে ওই পোড়া গন্ধ ছড়িয়েছিল, তা স্পষ্ট করে জানায়নি বিমান সংস্থাটি।

এ ঘটনার আগে গত বুধবার মুম্বাই থেকে ব্যাংককগামী একটি ফ্লাইটও নির্ধারিত সময়ের অন্তত পাঁচ ঘণ্টা দেরিতে রওনা হয়। ফ্লাইটটির বাম দিকের ডানার নিচে খড় আটকে যাওয়ায় উড্ডয়নে বিলম্ব ঘটে।

এ ছাড়া আরও কিছুদিন আগে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী ফ্লাইট ১৭১ উড্ডয়নের ৪০ সেকেন্ডের মধ্যেই আহমেদাবাদের একটি জনবহুল এলাকায় বিধ্বস্ত হয়। মর্মান্তিক সেই দুর্ঘটনায় ২৪২ আরোহীর মধ্যে মাত্র একজন বেঁচে ছিলেন। এই দুর্ঘটনার পর থেকেই এয়ার ইন্ডিয়ার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা