কাতারের আমির ও প্রধানমন্ত্রীকে উপহার পাঠালেন খালেদা জিয়া

1750865298 ed98408f5864dc99e92411f36e3424d6
৩৭

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কাতারের আমির ও প্রধানমন্ত্রীকে বাংলাদেশের মৌসুমী ফল উপহার পাঠানো হয়েছে।

আজ বুধবার বাংলাদেশ সময় দুপুর ৩টায় কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই উপহার পৌঁছে দেওয়া হয়। মৌসুমী ফল গ্রহণ করেন দেশটির মন্ত্রণালয়ের প্রটোকল পরিচালক ইব্রাহিম ইউসুফ আব্দুল্লাহ ফখরু।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতাস্বরূপ এই উপহার পাঠানো হয়েছে। কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি ও দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি’র সম্মানে এই উপহার পৌঁছানো হয়েছে।

এছাড়া খালেদা জিয়ার লন্ডনে উন্নত চিকিৎসার সুবিধার্থে কাতারের আমির বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোয় অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

উপহার দেওয়ার সময় বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিল সদস্য ড. এনামুল হক চৌধুরী, কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম, কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু উপস্থিত ছিলেন।

গত ২৩ জুন ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে ঢাকা বিমানবন্দর থেকে এই উপহার পাঠানোর সার্বিক ব্যবস্থা করেন।