সাবেক সিইসিকে লাঞ্ছিতের ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে: পরিবেশ উপদেষ্টা

Syeda rezwana hasan
২৬৫

সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে লাঞ্ছিতের ঘটনায় নিন্দা জানিয়েছে সরকার। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। এ কথা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (২৩ জুন) দুপুরে সচিবালয়ে পরিবেশ দিবস নিয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। জানান, মব বন্ধের চেষ্টা করছে সরকার।

বৃক্ষরোপণ অভিযান নিয়ে উপদেষ্টা বলেন, সেন্টমার্টিন দ্বীপের প্রাকৃতিক পরিবেশ ফিরে এসেছে। সেখানে বিকল্প জীবিকার ব্যবস্থা করার সিদ্ধান্ত হয়েছে। খোলা বালু নিয়ে ঢাকা শহরে কোনো পরিবহন চলাচলা করবে না উল্লেখ করে উপদেষ্টা বলেন, ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে পরিবেশ মন্ত্রণালয় ও বিআরটিএ একসাথে অভিযান চালাবে।

তিনি আরও বলেন, ১৭টি পণ্যকে একবার ব্যবহৃত প্লাস্টিক হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে কটন বাট ও স্ট্র, একবার ব্যবহৃত এই দুটি পণ্য নিষিদ্ধ করা হয়েছে। শিগগিরই এই পণ্যের বিরুদ্ধে অভিযান চলবে।

শপিং সেন্টারগুলো পলিথিন ব্যাগ মুক্ত হয়েছে দাবি করে রিজওয়ানা হাসান বলেন, কাঁচা বাজারে পলিথিন আছে এ জন্য পাটের ব্যাগ সরবরাহের ব্যবস্থা নেয়া হচ্ছে। শিল্প দূষণ রোধে ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানো হয়েছে।

টাঙ্গুয়ার হাওরে যান্ত্রিক বোট বন্ধে ডিসিকে নির্দেশ দেয়ার কথাও জানান পরিবেশ উপদেষ্টা।