আলোকচিত্রী চঞ্চল মাহমুদ আর নেই

1750444972 9beb31b9ed641ff59cc1656da60f98de
৩২

দেশের স্বনামধন্য আলোকচিত্রী চঞ্চল মাহমুদ আর নেই। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড কার্ডিয়াক হসপিটালে ইন্তেকাল করেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

চঞ্চল মাহমুদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ছাত্র ও ফটো সাংবাদিক সাহাদাত পারভেজ।

দীর্ঘদিন যাবত কিডনি ও হার্টের নানা জটিলতায় ভুগছিলেন চঞ্চল মাহমুদ। চারদিন আগে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। আগে তিনি চারবার হার্ট অ্যাটাক করেছেন এবং গতকালও হার্ট অ্যাটাক করেছেন। এরপর ছিলেন লাইফ সাপোর্টে।

সাহাদাত পারভেজ জানান, এ পর্যন্ত চঞ্চল মাহমুদ সাতবার হার্ট অ্যাটাক করেছেন।

শনিবার বাদ জোহর বনানী কবরস্থানে চঞ্চল মাহমুদকে সমাহিত করা হবে বলেও জানান তার সাবেক এই ছাত্র।

চঞ্চল মাহমুদ বাংলাদেশের ফ্যাশন ও মডেল আলোকচিত্র জগতে অন্যতম নাম। প্রায় সাড়ে চার দশক ধরে আলোকচিত্রী হিসেবে কাজ করছেন তিনি।

ফটোগ্রাফি নামে একটি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করতেন চঞ্চল মাহমুদ। একাধিক প্রদর্শনী হয়েছে তার ছবির।

বাংলাদেশে আধুনিক ফ্যাশন ফটোগ্রাফির ধারক ছিলেন চঞ্চল মাহমুদ। ধানমন্ডিতে অবস্থিত চঞ্চল মাহমুদ স্কুল অব ফটোগ্রাফি থেকে বহু আলোকচিত্রী তৈরি হয়েছেন।

এছাড়া, দেশের অসংখ্য মডেল, অভিনেতা তার ছবির মধ্য দিয়ে পরিচিতি ছড়িয়েছেন।