অবশেষে বাগ্‌দানের খবর জানালেন ব্রিটিশ গায়িকা

1749834798 36d13610eb3cce7af3ef623037067dcf
২৫

দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিজের মুখেই বাগ্‌দানের খবর নিশ্চিত করলেন জনপ্রিয় ব্রিটিশ গায়িকা ডুয়া লিপা। ভক্তদের সেই বহু প্রতীক্ষিত ‘লাখ টাকার’ প্রশ্ন—ক্যালাম টার্নারের সঙ্গে তাঁর বাগ্‌দান সেরেছেন কি না, তার উত্তর এল সরাসরি ডুয়ার কাছ থেকেই।

ব্রিটিশ সাময়িকী ভোগ-এ দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ২৯ বছর বয়সী এই গায়িকা বলেন, ‘হ্যাঁ, আমরা বাগ্‌দান সেরেছি। এটা ছিল খুবই রোমাঞ্চকর সময়। একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্তটা অনেক সুন্দর। সারা জীবন একে অপরের সেরা বন্ধু হয়ে থাকার ভাবনাই একে আরও বিশেষ করে তোলে।’

ডুয়া আরও জানান, বাগ্‌দানের আগে ক্যালাম তাঁর বোন ও কাছের বন্ধুদের সঙ্গে পরামর্শ করে আংটিটি তৈরি করেছিলেন। তিনি বলেন,’সে আমাকে ঠিক কতটা ভালো বোঝে, সেটা এই আংটি দেখেই বোঝা যায়।’

প্রসঙ্গত, ক্যালাম টার্নার একজন ৩৫ বছর বয়সী ব্রিটিশ অভিনেতা। তিনি ‘Fantastic Beasts’ এবং ‘Masters of the Air’-এ অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেন। ২০২০ সালে বিবিসির ‘The Capture’ সিরিজে কাজের জন্য পেয়েছিলেন বাফটা মনোনয়ন।

গত বড়দিনে ডুয়ার হাতে একটি বাগ্‌দানের আংটি দেখা যাওয়ার পর থেকেই গুঞ্জন শুরু হয়েছিল। যদিও তখন তাঁরা কিছু জানাননি। এবার প্রথমবারের মতো ডুয়া বিষয়টি প্রকাশ্যে আনলেন। তবে কবে বাগ্‌দান সেরেছেন, সে তথ্য গোপনই রেখেছেন।

ডুয়া জানান, তাঁরা শিগগিরই বিয়ের পরিকল্পনা করছেন। তবে এখনো নির্দিষ্ট দিন-তারিখ চূড়ান্ত হয়নি। চলমান বিশ্বভ্রমণ কনসার্ট শেষ হলে, যা এ বছরের ডিসেম্বর মাসে মেক্সিকোতে শেষ হবে, তারপরই বিয়ের দিনক্ষণ ঠিক করবেন তাঁরা।