লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান

Tarek yunus risingbd 2506100227
৭৩

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আগামী ১৩ জুন লন্ডনে সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৯ জুন) সন্ধ্যায় তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্তটি নেওয়া হয়।

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সাক্ষাতের বিষয়ে আগ্রহ প্রকাশের পর বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে সর্বসম্মতভাবে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাতের বিষয়ে সিদ্ধান্ত হয়। জানা গেছে, সাক্ষাৎ আগামী ১৩ জুন হতে পারে।

চারদিনের সরকারি সফরে সোমবার সন্ধ্যায় লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়ে গেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সন্ধ্যা সাড়ে ৭ টায় প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ার লাইন্সের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। স্থানীয় সময় মধ্যরাতে (বাংলাদেশ সময় ভোরে) ফ্লাইটটি লন্ডনে পৌঁছার কথা।

সফরকালে বাকিংহাম প্যালেসে বৃটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি রাজার হাত থেকে গ্রহণ করবেন ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’।

অধ্যাপক ইউনূসের সম্মানে রাজকীয় ভোজ হবে, যেখানে বৃটেনের রাজনীতি তথা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অংশ নেবেন। পার্লামেন্টারি ডেমোক্রেসির পীঠস্থান বৃটেনে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদধারী স্পিকার এবং দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক বৈঠক হবে। তার সঙ্গে দেখা হবে দেশটির একাধিক মন্ত্রীর। পাশাপাশি প্রধান উপদেষ্টা বৃটেনের নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত এক সংলাপে বক্তৃতা করবেন।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, হাই প্রোফাইল এই সফরে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে বৃটেনের সমর্থনের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। পাশাপাশি পাচার হওয়া অর্থ ফেরৎ নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা হবে। আগামী শনিবার (১৪ জুন) সরকার প্রধানের ঢাকা ফেরার কথা রয়েছে।