পল্লবীতে ঈদের নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময় আমিনুল হকের

Img 20250607 wa0018
২৩

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক পল্লবীতে নিজ নির্বাচনী এলাকায় ঈদুল আজহার নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময় করেছেন।

শনিবার (৭ জুন) সকালে রাজধানীর পল্লবীর ২নং ওয়ার্ড কমিউনিটি সেন্টার ঈদগাহ মাঠে দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সর্বস্তরের মানুষের সাথে ঈদের নামাজ আদায় করেন তিনি। নামাজ শেষে আমিনুল হক নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

এসময় ঈদের তাৎপর্য তুলে ধরে আমিনুল হক বলেন, ঈদুল আজহা যেমন মুসলমানদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব, তেমনি এটি সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ উৎসব পরিবার ও সমাজে বন্ধনকে আরও দৃঢ় করে।

সাবেক এই সংসদ সদস্য বলেন, ফ্যাসিবাদমুক্ত একটি বাংলাদেশ গঠনে আমাদের সংগ্রাম অব্যাহত রয়েছে। আমি আপনাদের একজন প্রতিনিধি হিসেবে, ধানের শীষের একজন প্রতিনিধির দায়িত্বে, একটি মানবিক ও ন্যায়ের সমাজ প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।

আমিনুল হক বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন- আমরা আগামীতে একটি সুষ্ঠু স্বচ্ছ ও পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই; যে রাজনীতিতে ভবিষ্যৎতে কখনও স্বৈরাচারের জন্ম হবে না।

দেশের মানুষের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যদি আমরা এক থাকি, তবে ইনশাআল্লাহ সব ষড়যন্ত্র প্রতিহত করে শান্তিপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে সক্ষম হবো। প্রতিটি এলাকা, প্রতিটি সমাজ হবে গণতন্ত্র ও শান্তির প্রতীক।

তিনি আরও বলেন, ১৭ বছরের আন্দোলনের সফলতা হিসেবে আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি। আমরা গণতন্ত্রের দ্বারপ্রান্তে পৌঁছেছি কিন্তু এখনও পর্যন্ত পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারিনি। একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে।