বাবা-মায়ের মৃত্যুর পর থেকেই ঘরবন্দি ছিলেন মুকুল দেব

Web image 20250524 153235716
১৪

না ফেরার দেখে পাড়ি জমালেন জনপ্রিয় অভিনেতা মুকুল দেব। শুক্রবার (২৩ মে) মৃত্যু হয় এ অভিনেতার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।

শনিবার (২৪ মে) অভিনেতার মৃত্যুর বিষয়টি প্রকাশ করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন মুকুল দেব। ভর্তি ছিলেন আইসিইউতে।

‘সন অব সারদার’ সিনেমায় মুকুল দেবের সঙ্গে কাজ করা অভিনেতা বিন্দু দারা সিং মুকুলের মৃত্যুর খবরটি ইন্ডিয়া টুডেকে নিশ্চিত করেছেন।

তিনি শোকপ্রকাশ করে বলেন, মুকুলকে আর বড় পর্দায় অভিনয় করতে দেখা যাবে না— এটা খুব কষ্টের। বাবা-মায়ের মৃত্যুর পর থেকেই মুকুল নিজেকে গুটিয়ে নিয়েছিল। সে বাড়ি থেকে বের হতো না, কারও সঙ্গে দেখা করত না। শেষ কয়দিনে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। তার ভাই ও যারা তাকে ভালোবাসতেন, তাদের প্রতি আমার সমবেদনা। মুকুল এক অসাধারণ মানুষ ছিলেন। আমরা সবাই তাকে ভীষণ মিস করব।

মুকুল দেবের ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেত্রী দীপশিখা নাগপাল জানিয়েছেন, মুকুল কোনদিন কারও সঙ্গে নিজের স্বাস্থ্যের কথা শেয়ার করত না। আমাদের বন্ধুবান্ধবদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে প্রায়ই কথা হতো। আজ সকালে ঘুম থেকে উঠে যখন ওর মৃত্যুর খবর পেলাম, তখন থেকেই ওকে ফোন করছি, ভেবেছিলাম ও-ই ধরবে।

প্রসঙ্গত, ১৯৯৬ সালে ‘দস্তক’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন মুকুল। মুম্বাইয়ের টেলিভিশন ইন্ডাস্ট্রি থেকে ফিল্মি দুনিয়ায় অতি পরিচিত মুখ মুকুল। কাজ করেছেন পাঞ্জাবি, দক্ষিণী সিনেদুনিয়াতেও। ‘সন অব সর্দার’, ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’, ‘আর রাজকুমার’ এবং ‘জয় হো’সহ একাধিক হিন্দি ও আঞ্চলিক ভাষার সিনেমায় অভিনয় করেছেন মুকুল। টেলিভিশনেও তিনি ‘ঘরওয়ালি উপরওয়ালি’, ‘কাহানি ঘর ঘর কী’র মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। এমনকি বাংলা বেশ কিছু সিনেমাতে খল নায়কের চরিত্রে দেখা গিয়েছিল তাকে। তার মধ্যে অন্যতম জিৎ এর ‘আওয়ারা’।