রাজধানীতে প্রকাশ্যে যুবককে কুপিয়ে জখম, ভিডিও ভাইরাল

1747708580 ae566253288191ce5d879e51dae1d8c3
১৭

রাজধানীর সেন্ট্রাল রোডে প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে আহত করার একটি ভয়াবহ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওটিতে দেখা যায়, একটি মোটরসাইকেল এসে থামার সঙ্গে সঙ্গেই একজন যুবক আরেকজনকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং এরপর মোটরসাইকেলে থাকা দুই যুবক ধারালো অস্ত্র দিয়ে ধাক্কা খেয়ে পড়ে যাওয়া যুবককে এলোপাতাড়ি কোপাতে থাকেন।

সিসিটিভি ফুটেজ অনুযায়ী, ঘটনাটি ঘটেছে রবিবার (১৮ মে) রাত সাড়ে ১১টার দিকে। ভিডিওতে দেখা যায়- গেঞ্জি ও প্যান্ট পরিহিত এক যুবক রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। তখনই শার্ট পরিহিত আরেক যুবক তাকে ধরে মাটিতে ফেলে দেন। সঙ্গে সঙ্গে মোটরসাইকেলে থাকা অপর দুই যুবক নেমে এসে একের পর এক কোপাতে থাকেন।

আহত যুবকের নাম সাইফ হোসেন মুন্না বলে জানা গেলেও তার বিস্তারিত পরিচয় এখনও নিশ্চিত নয়। ঘটনাকালীন সময়ে আশপাশে লোকজন থাকলেও কেউ এগিয়ে আসেননি। ভিডিওতে দেখা যায়, যুবকটি আত্মচিৎকার করলেও উপস্থিত মানুষজন দর্শকের ভূমিকায় ছিলেন। ঘটনার সময় রাস্তা দিয়ে প্রাইভেটকার, অটোরিকশা, মোটরসাইকেল চলাচল করছিল। রাত ১১টা ৩২ মিনিট ৪৫ সেকেন্ডে দুর্বৃত্তদের মোটরসাইকেলে করে স্থান ত্যাগ করতে দেখা যায়।

এ বিষয়ে নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ জানান, এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনও অভিযোগ করা হয়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের শনাক্ত করতে তদন্ত চলছে। শনাক্তের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।