সাবেক আইজিপি শহীদুলসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের অনুমতি

1746605986 ee825ccb4c9fe481eec80f6c8e0f571f
১৮

রাজধানীর কল্যাণপুরে ৯ তরুণ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি এ কে এম শহীদুল হকসহ তিন জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সেভ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া হয়েছে। এছাড়া আগামী ১৪ জুলাই এই মামলায় পরবর্তী শুনানির জন্য দিন ঠিক করেছেন আদালত।

রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এই আদেশ দেন।

সাবেক আইজিপি একেএম শহীদুল হককে ২৫ মে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াকে ২৭ মে এবং ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লাকে ২৯ মে জিজ্ঞাসাবাদ করা হবে।

ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। শুনানির সময় উপস্থিত ছিলেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ ও ফারুক হোসেন।

এর আগে রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে জঙ্গি সন্দেহে ৯ তরুণ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি এ কে এম শহীদুল হকসহ তিন জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

এর আগে গত ৬ মার্চ সাবেক আইজিপি একেএম শহীদুল হকসহ সাবেক তিনজন পুলিশ কর্মকর্তাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্য দুই পুলিশ কর্মকর্তা হলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া ও ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লা।