রিমান্ড শেষে কারাগারে অভিনেতা সিদ্দিক

1746614384 c63b7436987bb1d958257338f0f1f6b5
৩০

রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদার হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত।

এদিন রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক আব্দুস সালাম।

আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর আগে, ২৯ এপ্রিল বিকেলে বেইলি রোড দিয়ে যাওয়ার সময় সিদ্দিককে আটক করেন কিছু যুবক। এরপর মারধর করে রমনা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেন। পরে তাকে গুলশান থানায় হস্তান্তর করে রমনা মডেল থানা পুলিশ।

পরদিন ৩০ এপ্রিল তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ১৯ জুলাই গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়। এতে জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন। এ ঘটনায় পতিত স্বৈরাচার শেখ হাসিনাসহ ১০৯ জনের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন জব্বার আলী হাওলাদার।